মার্কেট এন্ট্রি এক্সিট
একজন নৌকার মাঝি জানে ঝড়ের সময় মাঝ নদীতে নয় পাড়ে বসে থাকতে হয়, নইলে কয়েক টাকা আয় করতে গিয়ে ডুবে মরার সম্ভাবনা আছে। একজন জেলে জানে কখন নদীতে মাছ ধরতে গেলে ডুবে মরার সম্ভাবনা আছে, তখন সে ঘরে বসে থাকে, নইলে ডুবে মরে।
একজন মাঝি/জেলে যদি নিয়ম মেনে ঘরে বসে থাকতে পারে তবে একজন ট্রেডারকেও মার্কেটের কন্ডিশন বুঝে ট্রেড বন্ধ করে টাকা নিয়ে সাইড লাইনে থাকতে হবে।
মার্কেট এন্ট্রি এক্সিট বলতে মার্কেটে কখন ট্রেড করবেন আর কখন মার্কেট থেকে বাইরে থাকবেন সেটা বোঝায়। ইন্ডেক্সের টেকনিক্যাল পজিশন এনালাইসিস করে এই সিদ্ধান্ত নিতে হয়।
স্টক এন্ট্রি এক্সিট
একজন কৃষক শীতকালে ফলায় সরিষা, গ্রীষ্মকালে গম, বর্ষাকালে পাট। কৃষক যদি এত কিছু জেনে বুঝে রোজগার করে তবে একজন ট্রেডারকেও রোজগার করতে হলে জানতে ও বুঝতে হবে কোন পজিশনে কোন শেয়ার ট্রেড করতে হবে। যেমন, কৃষক যদি বর্ষাকালে সরিষা আর শীতকালে পাট চাষ করে তবে সে চালান ফেরত পাবে না। একই ভাবে ট্রেডার যদি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে তবে সেও তার পুঁজি হারাতে পারে।
স্টক এন্ট্রি এক্সিট বলতে কখন কোন শেয়ার কিনবে আর কখন কোন শেয়ার কিনবেন না সেটাকে বোঝায় স্টকের টেকনিক্যাল পজিশন এনালাইসিস করে এই সিদ্ধান্ত নিতে হয়। স্টক এন্ট্রি পলিসি আগেই আলোচনা করে হয়েছে।
ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যাকটেস্টিং
স্টকে এন্ট্রি এক্সিটের যে স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করতে চাই তা আমাদের মার্কেটে কেমন কাজ করে সেটা হিস্টোরিক্যাল ডাটা/চার্ট এর উপর প্রয়োগ করে দেখতে হবে যে সেটা কতটা কার্যকর। ট্রেডিং স্ট্র্যাটেজি হিস্টোরিক্যাল ডাটা/চার্ট এর উপর প্রয়োগ করে এর কার্যকারিতা দেখাই হলো ব্যাকটেস্টিং।
ব্যকটেস্টিং ম্যানুয়ালি করা যায় আবার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমেও করা যেতে পারে। কম্পিউটারাইজড ব্যাকটেস্টিং এর জন্য এক্সপার্ট প্রগ্রামার প্রয়োজন আবার আমাদের দেশে এই সার্ভিসও সহজলভ্য না। কাজেই ম্যানুয়াল ব্যাকটেস্টিংই আমাদের ভরসা। ম্যানুয়াল ব্যাকটেস্টিং সাদা কাগজে বা কম্পিউটার এক্সেল ওয়ার্কশিটে করতে পারি।
অটোমেটেড ট্রেডিং সিস্টেম
কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করার পদ্ধতি ও এর সফটওয়ারকে অটোমেটেড ট্রেডিং সিস্টেম বলে। এই সিস্টেম ব্যবহারকারীর নির্ধারণ করা শর্ত সাপেক্ষে নিজেই বাই সেল সিদ্ধান্ত নেয় এবং তা এক্সিকিউট করে। উল্লেখ্য যে, আমাদের মার্কেটে এই স্বয়ংক্রিয় / অটোমেটেড ট্রেডিং সিস্টেম এর অনুমোদন নাই। অটোমেটেড ট্রেডিং সিস্টেম এর অনুমোদন হলে তখন এটা নিয়ে আরো আলোচনা করা যাবে।