কচ্ছপ ও খরগোসের গল্প আমরা সবাই শুনেছি, যেখানে
কচ্ছপ ও খরগোসের দৌড় প্রতিযোগীতা হয়, কচ্ছপ জিতে যায় আর
খরগোস হেরে যায়। এখানে কচ্ছপ আর খরগোসের গল্প শেষ আর বনের রাজা বনাম প্রজা গল্পের
শুরু। আসুন গল্পটা শুরু করি-
প্রথম দৌড় প্রতিযোগীতাঃ
এক বনে এক কচ্ছপ ও এক খরগোসের দৌড় প্রতিযোগীতা হয়, যেখানে কচ্ছপ জিতে যায় আর খরগোস হেরে যায়।
দ্বিতীয় দৌড় প্রতিযোগীতাঃ
এরপর কচ্ছপ বনের অন্য প্রাণীদের জন্য একটা ভোজসভার আয়োজন করে। যেখানে বনের সব প্রাণীরা এসেছে, ভাল ভাল খাবারের আয়োজন হয়েছে, কন্সার্ট চলছে, নাচ-গান হচ্ছে, আরো অনেক আয়োজন আছে। কচ্ছপ এখন বনের নতুন সেলিব্রেটি হয়ে গেছে। অনুষ্ঠানে এসে সবাই কচ্ছপের সাথে সেলফি তোলে, কেউবা অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করছে। সবার মুখে মুখে ও সোসাল মিডিয়ায় আজ কচ্ছপের জয়-জয়াকার। সবাই কচ্ছপের প্রশংসা করছে আর খরগোসকে ধিক্কার দিচ্ছে ও নানা বাজে মন্তব্য করছে।
শুধু কি তাই, খরগোসের বন্ধুরা আজ খরগোসের এই দুঃসময়ে খরগোসের পাশে না থেকে কচ্ছপের পার্টিতে এসে কচ্ছপের প্রশংসা করছে আর খরগোসকে নিয়ে বাজে বাজে নানা মন্তব্য করছে।
এই সমস্ত কাণ্ডকারখানা দেখেওশুনে খরগোস সিদ্ধান্ত নিল যে, সে আর এই জীবন রাখবে না, সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করার জন্য সে উঠল এক পাহাড়ের চুড়ায়। সেখান থেকে সে লাফ দিয়ে মরবে । হঠাত এক দরবেশ বলে উঠল থামো। খরগোস থামল। দরবেশ জিজ্ঞাসা করল, তুমি কি কোন পরাজয়ের গ্লানি মুছতে আত্মহত্যা করতে এসেছ? খরগোস বলল হাঁ। দরবেশ জিজ্ঞাসা করল, আত্মহত্যা করলে কি তোমার ও তোমার জাতির এই পরাজয়ের গ্লানি মুছে যাবে? খরগোস উত্তরে বলল না। দরবেশ বলল আমি জানি তোমার তোমার জন্ম হয়েছে জেতার জন্য কিন্তু তুমি যে হেরেছ এটা জীবনের চলার পথের একটি দুর্ঘটনা মাত্র। যার জন্ম হয়েছে জেতার জন্য সে হারতে পারে না। তুমি চাইলেই জিততে পার। সেজন্য তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্তটি হলো "যতক্ষণ তোমার দৌড়ের ট্র্যাক শেষ না হয় ততক্ষণ তুমি থামতে পারবে না"। খরগোস দরবেশের কথা বুঝতে পারল ও আশ্বস্ত হয়ে ফিরে আসল।
খরগোস আসার পথেই কচ্ছপের ভোজসভায় ঢুকে পড়ল আর চেঁচিয়ে বলল থামাও তোমাদের এই তামাসা, আমিই এই বনের প্রকৃত দৌড় চ্যাম্পিয়ন, আগামীকাল একই সময়, একই মাঠে ফাইনাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমাদের দেখার আমন্ত্রন রইল।
খরগোস একাই এল দৌড়ের মাঠে, তার সাথে তার কোন বন্ধু-বান্ধব বা জাতি-গোত্রের কেউ এল না। অন্যদিকে কচ্ছপের সাথে বনের সবাই এল নাচতে নাচতে গাইতে গাইতে। দৌড় শুরু হলো- খরগোস দরবেশের শর্ত মোতাবেক নিমিষেই দৌড়ের ট্র্যাক শেষ করে তার পর থামল। খরগোস জিতে গেল কচ্ছপ স্বাভাবিক নিয়মে হেরে গেল। এই ঘটনায় খরগোসের আত্মবিশ্বাস বেড়ে গেল ও দরবেশের উপর খরগোসের আস্থা তৈরী হলো।
গল্প এখানেই শেষ নয়, আরো আছে পড়তে থাকুন-
তৃত্বীয় দৌড় প্রতিযোগীতাঃ
খরগোস আত্মবিশ্বাসের চোটে ভাবতে লাগল এই বনে আমিই দৌড়ে সেরা তাহলে এই বনে আমারই রাজা হওয়া উচিৎ। খরগোস গেল সিংহের কাছে। সিংহোকে বলল রাজামশাই, আমিই এই বনে দৌড়ে সেরা। সিংহ বলল আমার হাসি পাচ্ছে, তুই দূর হ। খরগোস আবার বলল আপনার বিশ্বাস না হলে প্রতিযোগিতায় নেমে দেখেন। সিংহ বলল তুই হারলে কিন্তু তুই আমার সকালের নাস্তা। খরগোস বলল, তাহলে জিতলে কিন্তু আমিই এই বনের রাজা। সিংহ রেগে বলল তাই হবে তুই মরার জন্য প্রস্তুত হ।
খরগোস ভাবল হারলে নিশ্চিত মৃত্যু, এই নিশ্চিত মৃত্যু হতে বাঁচাতে পারবে আমার দরবেশ। খরগোস গেল দরবেশের কাছে। দরবেশকে খুলে বলল। দরবেশ বলল, গায়ের বা পায়ের জোরে এই জয় আসবে না, বুদ্ধি ও সম্পর্কের জোরে এই জয় সম্ভব । খরগোস বলল এখন কি করতে হবে তাই বলুন। দরবেশ বলল, কচ্ছপের সাথে তোমাকে জোট বাঁধতে হবে আর সামনের পাহাড়ের মাথা পর্যন্ত হবে দৌড়ানোর ট্র্যাক।
খরগোস ফেরার পথে প্রথমে দেখা করল কচ্ছপের সাথে। কচ্ছপকে বলল, ভাই তুমি একবার দৌড়ে জিতেছ আর আমি একবার দৌড়ে জিতেছি। আমরা দুজনে চাইলে সিংহকেও হারাতে পারি। কচ্ছপ জিজ্ঞাসা করলো কিভাবে সম্ভব। খরগোস বলল তুমি ভাববেনা আমি সব ব্যবস্থা করে রেখেছি, কাল সকালে তুমি প্রতিযোগিতার জন্য বড় গাছের নীচে আসবে। কচ্ছপ বলল আচ্ছা।
খরগোস এবার গেল সিংহের কাছে, সিংহকে বলল, রাজামশাই একটা কথা বলতে ভুলে গেছি, প্রতিযোগীতা হবে বড় গাছের নীচ থেকে সামনের পাহাড়ের মাথা পর্যন্ত, আর প্রতিযোগী হিসাবে গতবারের চ্যাম্পিয়ন কচ্ছপও থাকবে। সিংহ স্বগৌরবে বলল, তাড়াতাড়ি বাড়ি গিয়ে শেষ ঘুম ঘুমিয়ে নে।
পরদিন সকালে বনের সব প্রাণী দৌড় প্রতিযোগিতা দেখতে আসল। সিংহ এসে ভাবের সাথে পায়চারি করতে লাগল। খরগোস আর কচ্ছপ এলো দুরুদুরু বুকে। শুরু হলো দৌড় প্রতিযোগীতা সামনের পাহাড়ের নীচে গিয়ে সিংহ গেল থেমে। দুই পাহাড়ের মাঝে ভয়ংকর খরোস্রোতা নদী। সিংহ থেমে রইল। এরপর খরগোস এসে থামল। দুপুর গড়িয়ে গেল, তারপর এল কচ্ছপ। কচ্ছপ নদীতে নামল আর টপ করে খরগোস কচ্ছপের পিঠে চড়ে বসল। কচ্ছপ খরগোসকে পিঠে করে নদী পার করে দিল। খরগোস একটু পরই পাহাড়ের চুড়াই উঠে তার জয়ের নিশান উড়াল, সিংহকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করল কচ্ছপ। খরগোস আর কচ্ছপের এই জয়ে সবাই অবাক হলো, আর সিংহ ক্রোধে গর্জন করতে লাগল।
ভাবছেন গল্প শেষ? না না, আরো আছে পরে একসময় বলব।